
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান অঞ্চলে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে এতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টারটিতে মোট আটজন যাত্রী ছিলেন।
শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকারী দলগুলো লাশ ও ধ্বংসাবশেষ উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইন্দোনেশিয়ার উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়।
শাফি বলেন, দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জায়গাটি ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেটিকে হেলিকপ্টারটির লেজের অংশ বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো পরিষ্কার নয়। স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন। সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা শুক্রবার স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছিলেন।
শাফি জানান, এলাকাটি ইন্দোনেশিয়ার পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটার মালিকানাধীন এবং হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসানতারার ছিল।
তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।




