
দেশের জ্বালানি খাতে চলমান অস্থিরতা কমাতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে ডিজেলবাহী চারটি বড় জাহাজ। শুক্রবার (১৭ এপ্রিল) থেকে আগামী রোববারের মধ্যে বন্দরে পৌঁছাবে প্রায় ১ লাখ ৪১ হাজার টন ডিজেল।
এই বিপুল জ্বালানি সরবরাহ শুরু হলে পরিবহন, কৃষি ও শিল্প খাতের বিদ্যমান অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ পরিমাণ জ্বালানি দিয়ে আগামী ১২ দিনের চাহিদা পূরণ করতে পারবে বিপিসি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, শুক্রবারই বন্দরে নোঙর করার কথা রয়েছে তিনটি বড় জাহাজের। এগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু। এছাড়া আগামী রোববার চতুর্থ জাহাজ এমটি গোল্ডেন হরাইজন বন্দরে এসে পৌঁছাবে।
প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজগুলো বন্দরে আসছে। দ্রুত খালাস কার্যক্রম সম্পন্ন করা গেলে জ্বালানি সরবরাহে গতি আসবে।
বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান মজুত ১৩ দিন থেকে বেড়ে ২৫ দিনে উন্নীত হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল ১ লাখ ৫৫ হাজার টন। নতুন করে আসা ১ লাখ ৪১ হাজার টন ডিজেল যোগ হলে মোট মজুত দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে। এতে বিপিসি ২৫ দিনের চাহিদা পূরণে সক্ষম হবে।
বিপিসির পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলের মাধ্যমে পূরণ হয়। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৪৩ লাখ ৫০ হাজার টন।




